একটি সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, দেশের অধিকাংশ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন। গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রামের পরিচালিত জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের ৭৫ দশমিক ৩ শতাংশ প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
জরিপে অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের ৩ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি। তাদের মধ্যে ১৭ দশমিক ৫ শতাংশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। আর ৭ দশমিক ২ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ডেল্টাগ্রামের তথ্য অনুযায়ী, গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত সারাদেশে এই জরিপ পরিচালিত হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস পর জনগণের মতামত জানতেই এ উদ্যোগ নেওয়া হয়।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে রংপুর বিভাগে, যেখানে ইতিবাচক মতামতের হার ৮৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এ হার ৭০ দশমিক ৪ শতাংশ।
গ্রাম ও শহরের তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, গ্রামীণ এলাকার উত্তরদাতাদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থনের হার ৭৮ দশমিক ৫ শতাংশ, যা শহরাঞ্চলের ৭০ দশমিক ১ শতাংশের তুলনায় বেশি।
বয়সভিত্তিক ফলাফলেও প্রায় একই ধরনের প্রবণতা দেখা গেছে। তবে ৬০ বছরের বেশি বয়সী উত্তরদাতাদের মধ্যে সমর্থনের হার তুলনামূলক কম, যা ৭০ দশমিক ৯ শতাংশ।
জরিপে আরও উল্লেখ করা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর সরকারের প্রথম কয়েক মাসেই উল্লেখযোগ্য জনসমর্থন তৈরি হয়েছে।
ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপটি দুই ধাপের স্তরভিত্তিক সম্ভাব্যতা নমুনা পদ্ধতিতে পরিচালিত হয়েছে। দেশের আটটি বিভাগের ১৫০টি প্রাথমিক নমুনা এলাকা থেকে প্রতিটিতে ২০টি করে সাক্ষাৎকার নেওয়া হয়। মোট ৩ হাজার উত্তরদাতার অংশগ্রহণে পরিচালিত এ জরিপে সাড়া দেওয়ার হার ছিল ৭৫ দশমিক ৭ শতাংশ।