আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মরহুম আবদুল গফুরের মেয়ে এবং সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ফরিদা ইলিয়াস দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে গত কয়েক মাস ধরে তিনি প্রকাশ্যে চলাফেরা শুরু করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় বিভিন্ন কর্মসূচি ও পুরোনো-নতুন ছবি প্রকাশ করছিলেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।