কুমিল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ জুলাই, ২০২৬

কুমিল্লায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির জেরে সংঘর্ষে এক ব্রাজিল সমর্থক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা এবং মো. মতিউর রহমানের ছেলে। ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) সংকর কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা-মিশরের মধ্যকার ম্যাচ চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন। এ সময় তিনি আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে কটাক্ষ ও ট্রল করলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুলকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে, যাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও তা যেন সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকা প্রয়োজন। সামান্য খেলা নিয়ে বিরোধের জেরে একটি প্রাণহানির ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।