কুমড়ী বিলের সোনার ছানা
বুলবুল হোসেন
কুমড়ী বিলে চিনা হাঁসের
ছোট্ট সোনার ছানা,
মায়ের সাথে খুঁজে বেড়ায়
কচি কচি দানা।
মায়ের পিছে সারি বেঁধে
ধীরে ধীরে চলে,
শাপলা ফুলও মৃদু হাওয়ায়
আনন্দ ভরে দোলে।
নীল আকাশে সোনার রোদ
জলের বুকে যায়,
ডানা মেলে চিনা ছানারা
খুশির সুরে গায়।
কচুরিপানার ফাঁক গলিয়ে
লুকোচুরি খেলে,
হাসির রঙে ছোট্ট বিলটা
আনন্দ ভরে মেলে।
সকালবেলার শিশিরভেজা
স্নিগ্ধ মধুর ভোর,
পাখির ডাকে জেগে ওঠে
সবুজ বিলের ঘোর।
মিষ্টি মুখে ফুটে থাকে
নির্মল সুখের হাসি,
বিলের জলে ঢেউয়ের তালে
জাগে নতুন খুশি।
সারাদিনের খেলা শেষে
ফেরে আপন নীড়ে,
মায়ের ডানায় চোখ বুজে রয়
স্নেহের ছায়া ঘিরে।
রোদের ছোঁয়ায় ঝিলমিল করে
বিলের স্বচ্ছ জল,
হাওয়ার সুরে নেচে ওঠে
কলকলিয়ে কল।