১৬ জেলায় বন্যার পূর্বাভাস 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দেশের অভ্যন্তরে ও উজানে ভারি বৃষ্টিপাতের কারণে আগামী কয়েক দিনে দেশের ১৬টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এর মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।

এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের স্বাক্ষরিত বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিচু এলাকাগুলোতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম বিভাগে অতিভারি এবং সিলেট ও বরিশাল বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে উজানের ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশেও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, আগামী চার দিন দেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং উজানের ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।