জাতীয় নির্বাচনের পর এই প্রথম বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৩ জুলাই অনুষ্ঠিতব্য এ সফরে তিনি গৌরনদীতে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের পাশাপাশি বরিশাল নগরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
তিনি জানান, ১৩ জুলাই সকাল ৯টায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। প্রথমে গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করবেন। পরে বরিশাল নগরে এসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। বেলস পার্ক, লেক এলাকা কিংবা গ্র্যান্ড পার্কসংলগ্ন স্থানে এ কর্মসূচি আয়োজনের সম্ভাবনা রয়েছে।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে দুপুরের পর বরিশাল শিল্পকলা অ্যাকাডেমিতে বরিশাল মহানগর, জেলা উত্তর ও জেলা দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা করবেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, গৌরনদীতে সেনা মহড়া পরিদর্শন শেষে বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কর্মিসভায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার সম্ভাবনা থাকায় সভাটি শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়েরও সম্ভাবনা রয়েছে।
বরিশালবাসীর প্রত্যাশার বিষয়ে বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশালের দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলোর মধ্যে রয়েছে ছয় লেন সড়ক নির্মাণ, রেল সংযোগ, বরিশাল-ভোলা সেতু, গ্যাস সরবরাহ এবং একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠা। এসব বিষয়ে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। সুযোগ অনুযায়ী বরিশালের মানুষের প্রত্যাশাগুলো তার কাছে আরও গুরুত্বসহকারে তুলে ধরা হবে।
দলীয় নেতাদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর বরিশালের রাজনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।