হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে যোগ দিলেন নন্দীগ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ

নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বে যোগ দেন। এর আগে গত ৪ জুন হাইওয়ে পুলিশের তৎকালীন প্রধান মো. দেলোয়ার হোসেন মিঞা অবসরে যাওয়ার পর পদটি শূন্য ছিল। ফারুক আহমেদ তার স্থলাভিষিক্ত হলেন।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ ইউনিটটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা কমানো এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও কার্যকর করতে হবে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ফারুক আহমেদের নেতৃত্বে এ ইউনিটের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের মহাসড়ক ব্যবস্থাপনায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে নতুন গতি আসবে।

ফারুক আহমেদ ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ।

তিনি ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন)সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি পরিচিত।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের অংশ হিসেবে তিনি ডিআইজি পদে উন্নীত হন। পরবর্তীতে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

গত ৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফারুক আহমেদসহ পুলিশের পাঁচ ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে। পরে ৭ জুন তাদের র‌্যাংক ব্যাজ পরানো হয়। হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদের সামনে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত, যানজট নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার বড় দায়িত্ব এসেছে।