সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অপরাধ সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকলে অথবা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজন হলে সৌদি আরবের জরুরি সেবা নম্বর ৯৯৯ ও ৯১১-এ যোগাযোগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া যাবে।
একই সঙ্গে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে জানিয়েছে, অপরাধে জড়িত থাকার সন্দেহে কোনো ব্যক্তিকে নিজ উদ্যোগে আটক রাখা বা তার ওপর শারীরিক নির্যাতন করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ড সৌদি আরবের প্রচলিত আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধি-বিধান মেনে চলার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।
প্রবাসীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সৌদি আরবের আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি আস্থা রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।