ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য সরকারি হাসপাতালে এনএস১ পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (৫ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা বিনামূল্যে করার কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি অবগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠিয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু শনাক্তকরণে এনএস১ পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসা ব্যবস্থাপনা সহজ হয় এবং জটিলতা কমানো সম্ভব হয়।
সরকারি হাসপাতালে বিনামূল্যে এ পরীক্ষার সুযোগ বাড়ানোর ফলে সাধারণ মানুষ সহজে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।