শাহ আমানতে নামতে পারেনি ৩ ফ্লাইট

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি দেশ-বিদেশ থেকে আসা তিনটি ফ্লাইট। এর মধ্যে দুটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল এ তথ্য জানান। তিনি জানান, ভারি বৃষ্টির কারণে আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ‘বিএস ৩৫০’ এবং শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ‘জি৯-৫২৬’ ফ্লাইট দুটি চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। পরে নিরাপদে সেগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের ‘বিজি ১২১’ ফ্লাইটটিও চট্টগ্রামে নামতে না পেরে পুনরায় ঢাকায় ফিরে যায়। তবে বিমান অবতরণে সমস্যা হলেও চট্টগ্রাম থেকে নির্ধারিত সব ফ্লাইট উড্ডয়ন করেছে বলে জানান তিনি।

এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অতি ভারি বৃষ্টির কারণে নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, সিডিএ আবাসিক এলাকা, কাতালগঞ্জ, পাঁচলাইশ, কাপাসগোলা, চকবাজার, হালিশহর, রামপুর, তিনপোলের মাথা ও বাটালি রোডসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

জলাবদ্ধতার কারণে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। অনেক সড়কে যান চলাচল ব্যাহত হয়। রিকশা ছাড়া অন্য যানবাহনের সংখ্যা ছিল কম। বৈরী আবহাওয়ার কারণে নগরীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেটিকে অতি ভারি বর্ষণ বলা হয়। সে হিসাবে চট্টগ্রামে গত কয়েক ঘণ্টায় অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া পরিস্থিতির কারণে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।