রাজধানীবাসীর যাতায়াতে আরও স্বস্তি আনতে মেট্রোরেলের লাইন-৬-এর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ আগামী ২০২৭ সালের এপ্রিলে বাণিজ্যিকভাবে চালুর লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) খালি ট্রেন চলাচল শুরু হবে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রায়াল রানের সময় নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে খালি ট্রেন চালিয়ে বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা করা হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হলেই নতুন অংশে যাত্রী পরিবহন শুরু করা হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত মতিঝিল-কমলাপুর অংশের নির্মাণকাজের প্রায় ৭৭ শতাংশ সম্পন্ন হয়েছে। ১ দশমিক ১৬ কিলোমিটার ভায়াডাক্ট, একটি স্টেশন এবং রেল ট্র্যাক নির্মাণের উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে শেষ হয়েছে।
বর্তমানে কমলাপুর মেট্রোরেল স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বহির্গমন পথ এবং অভ্যন্তরীণ অবকাঠামোর কাজ চলছে। জুন পর্যন্ত স্টেশনের পাইল, পাইল ক্যাপ, পিয়ার, স্টেশন কলাম, প্রিকাস্ট কাঠামো, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খুব শিগগিরই স্টেশনে স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের কাজ শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও শেষ হওয়ার আশা করা হচ্ছে। একই সঙ্গে স্টেশনের অভ্যন্তরে টাইলস বসানো, কাচ স্থাপন ও রঙের কাজও এগিয়ে চলছে।
এ ছাড়া উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের মধ্যে ১০০টির কাস্টিং সম্পন্ন হয়েছে। উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন-৬-এর মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। এর আগে ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।
মতিঝিল-কমলাপুর অংশ চালু হলে দেশের সবচেয়ে বড় রেলস্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন সরাসরি মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। ফলে আন্তঃজেলা ট্রেন ও নগর গণপরিবহনের মধ্যে সহজ সংযোগ তৈরি হবে এবং রাজধানীর যাত্রীদের যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক হবে।