ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখার একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির আওতায় এখন থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসিক বেতনসহ অন্যান্য সব ধরনের ফি জনতা ব্যাংকের ডিজিটাল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে। এর ফলে অভিভাবকদের ব্যাংক বা বিদ্যালয়ে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার ভোগান্তি কমবে। পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, ফরিদপুর অঞ্চলের এরিয়া অফিসের উপমহাব্যবস্থাপক সৈয়দ আবু জাহিদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. এস্কেন্দার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক পিএলসি, মুকসুদপুর শাখার ব্যবস্থাপক মো. এনামুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন স্কলার্স পাবলিক স্কুলের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফেন মুক্তা, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, কার্যকরী সদস্য নূর আলম শেখসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বক্তারা বলেন, দেশের ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে জনপ্রিয় করতে জনতা ব্যাংক পিএলসি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর মাধ্যমে ফি পরিশোধের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য পূরণেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব উল্লেখ করে এর সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শিক্ষা খাতে ডিজিটাল সেবার পরিধি আরও বিস্তৃত হবে।