মিরপুরে যৌথ পুলিশ অভিযানে কাগজপত্রবিহীন ১১ যানবাহন আটক

মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মিরপুর থানা পুলিশ, শোন্দহ পুলিশ ক্যাম্প এবং কুষ্টিয়া ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে বৈধ কাগজপত্রবিহীন ১১টি যানবাহন আটক করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার ছাতিয়ান ইউনিয়নের গোলাবাড়ি বাজার (শুরশুরি) এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮টি ইজিবাইক ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনি, শোন্দহ পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) জালাল উদ্দিন এবং ক্যাম্পের টু-আইসি সুজয়।

পুলিশ জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ যানবাহন চলাচল বন্ধ এবং যানবাহনের বৈধতা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও সড়ক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে অবৈধ ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।