বড় পর্দায় বিশ্বকাপ: বেরোবিতে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখানো উপলক্ষে সাময়িকভাবে সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হতে পারে। এ কারণে ক্যাম্পাসের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাময়িক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বড় এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। ক্যাম্পাসের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাইরের অনেক দর্শক সেখানে এসে খেলা উপভোগ করছেন।

আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ বেশি থাকায় ক্যাম্পাসে বাড়তি ভিড়ের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতেই যানবাহন চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।