প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও তার টিমকে সাক্ষাতের জন্য ডেকেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বেশ কিছু পরামর্শ ও নির্দেশনা দেন তিনি।

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে আব্দুল জব্বার মণ্ডল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন। আমাদের কার্যক্রম সম্পর্কে জেনেছেন। কিছু বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন।” প্রধানমন্ত্রী বিশেষ কোনো বার্তা দিয়েছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বলেছেন, তবে এখন এ বিষয়ে কিছু বলতে চাই না। তিনি আমাদের টিমের সবারই প্রশংসা করেছেন।”

এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনসহ মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নির্দেশ দেন, গঠিত কমিটি এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দ্রুত সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দেবে। এ কমিটিতে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সদস্য হিসেবে থাকবেন।

সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জেলা পর্যায়ে জনবল বৃদ্ধি, আধুনিক পরীক্ষাগার স্থাপন, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং বিভিন্ন সিন্ডিকেট ও প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, “সমস্যা থাকবেই। তার পরও সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বসে থাকলে চলবে না। পৃথিবীর অনেক দেশ একসময় আমাদের চেয়েও অনুন্নত ছিল, অথচ আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও এগিয়ে যেতে হবে।”

প্রসঙ্গত, বাজারে অতিরিক্ত দাম, ভেজাল পণ্য ও অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আলোচনায় এসেছেন ভোক্তা অধিকার কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডল। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানের মাধ্যমে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কার্যক্রম অব্যাহত রয়েছে।