পাকিস্তানে পুলিশ চৌকিতে ভয়াবহ হামলা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের জিয়ারাত জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও পাঁচ পুলিশ সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে হামলাকারীরা। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর জিয়ারাত জেলার মাঙ্গি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

জিয়ারাতের পুলিশ সুপারিন্টেনডেন্ট (এসপি) আবদুল কুদুস জানান, সোমবার সন্ধ্যার পর বিএলএর সশস্ত্র সদস্যরা একটি পুলিশ চেকপোস্টে আকস্মিক হামলা চালায়। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে হামলাকারীদের বন্দুকযুদ্ধ হয়। এতে ৯ পুলিশ সদস্য নিহত হন এবং পাঁচজনকে অপহরণ করে নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান শুরু করেছে। অপহৃত পুলিশ সদস্যদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানা গেছে।

এদিকে মঙ্গলবার (৭ জুলাই) পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের হামলা সরকারের সেই অঙ্গীকার থেকে সরাতে পারবে না।

পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী দুই প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সাম্প্রতিক সময়ে সশস্ত্র তৎপরতা বেড়েছে। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং বেলুচিস্তানে বালোচ লিবারেশন আর্মির সঙ্গে প্রায়ই দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটছে।

এর আগে গত ২৪ মে বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক বিস্ফোরণে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ১৪ সদস্য নিহত হন। পরে ২৫ জুন বেলুচিস্তানের খারান ও মাসটাং জেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিএলএর আট সদস্য নিহত হওয়ার দাবি করে পাকিস্তানি কর্তৃপক্ষ।