দেশব্যাপী উদীয়মান ও প্রতিভাবান খুদে খেলোয়াড় বাছাইয়ের বৃহৎ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত আসর শুরু হচ্ছে আগামী ১৮ জুলাই। এবারের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৭ জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই খুদে ও তরুণ অ্যাথলেটদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং দেশের অন্যান্য স্বনামধন্য ক্রীড়া প্রতিষ্ঠানে আধুনিক প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হবে। এর মাধ্যমে তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে পারবে। আমিনুল হক আরও বলেন, জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে সরাসরি ভর্তির সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করার এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করবে। দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এবারের জাতীয় আসরে মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকার বিভিন্ন ভেন্যুতে এসব খেলার আয়োজন করা হয়েছে। ভেন্যুগুলোর মধ্যে রয়েছে মিরপুর ইনডোর স্টেডিয়াম, মিরপুর সুইমিং পুল, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং আর্মি স্টেডিয়াম।
যদিও প্রতিযোগিতার মাঠের লড়াই শুরু হবে ১৮ জুলাই থেকে, তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২১ জুলাই। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট মহলের মতে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দেশের ভবিষ্যৎ ক্রীড়া প্রতিভা তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।