ঢাবিতে বড়পর্দায় দেখা যাবে না আর্জেন্টিনার ম্যাচ, ঘটনা কী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় বড়পর্দায় আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করতে পারবেন না ফুটবলপ্রেমীরা।

মঙ্গলবার সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে দর্শকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পাঁচটি ভেন্যুতেই আগের সূচি অনুযায়ী বিশ্বকাপের সব ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।

এর আগে ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপের ম্যাচ উপভোগের সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড়পর্দায় খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

বিশ্বকাপ ম্যাচ দেখানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীম উদ্‌দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল খেলার মাঠে বড়পর্দার ব্যবস্থা করা হয়েছিল। আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে সাময়িকভাবে আয়োজন বন্ধ রাখা হয়েছে।

একই সঙ্গে বৈরী আবহাওয়ার মধ্যে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার থেকে পুনরায় বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার শুরু হবে।