পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে যাত্রী ও স্টেশন কর্মীদের নজরে আসে ট্রেনের ছাদে একটি মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত নিরব বগুড়া জেলার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের ছাদে মরদেহ দেখতে পান যাত্রীরা। পরে বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানানো হলে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনে কোনো সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে কিশোরটির মৃত্যু হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।