‘জুলাই অভ্যুত্থান দমনে আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের সংস্থা’

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি জানান, জুলাই-আগস্ট আন্দোলনের পাশাপাশি অন্যান্য বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতার বিষয়গুলোও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একটি অভিজ্ঞ দল কাজ করছে। তবে পুরো তদন্ত প্রক্রিয়া শেষ করতে আরও সময় প্রয়োজন হবে বলেও জানান তিনি।

আমিনুল ইসলাম বলেন, তদন্ত দল একাধিক বিষয় নিয়ে কাজ করছে এবং বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে অপরাধের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, তদন্তে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের প্রমাণ মিললে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় দল নিষিদ্ধ করা এবং দলটির সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাসবিরোধী আইন—এই দুই আইনের আওতায় সংগঠন বা রাজনৈতিক দলের বিচারের সুযোগ রয়েছে। তার মতে, বিভিন্ন সময়ে আইন সংশোধনের মাধ্যমে সংগঠন বা দলের বিচারের ক্ষেত্র তৈরি করা হয়েছে।

প্রসিকিউশন সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির অন্যান্য নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যেসব তথ্য-প্রমাণ পাওয়া গেছে, সেগুলো দল হিসেবে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হতে পারে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত বিভিন্ন ঘটনা, নির্দেশনা, সাংগঠনিক ভূমিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।