গ্রিড সাবস্টেশনে আগুন, বিদ্যুৎবিচ্ছিন্ন ৬৭ হাজার গ্রাহক

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আগুনে সাবস্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে খেজুরতলা গ্রিড সাবস্টেশনে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের স্থায়িত্ব ছিল মাত্র ১ থেকে ২ মিনিট। এর মধ্যেই সাবস্টেশনের ৬ নম্বর ফিডারসহ অন্যান্য ফিডারের সংযোগ, বৈদ্যুতিক তার ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পুড়ে যায়।

স্থানীয় সূত্র ও বরগুনা জোনাল অফিসের তথ্য অনুযায়ী, খেজুরতলা গ্রিড সাবস্টেশনের মাধ্যমে বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকাণ্ডের পর পুরো বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান জানান, হঠাৎ বিকট শব্দের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১১ কেভি এসিআর বিস্ফোরণের কারণে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়েছে। পাশাপাশি বেশ কিছু বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় একটি যন্ত্রাংশ পটুয়াখালী থেকে এনে স্থাপন করতে হবে। সব যন্ত্রাংশ পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ডিজিএম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।