বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। এ সময় স্রোতে ভেসে যাওয়া তার চার বন্ধুকে স্থানীয়রা জীবিত উদ্ধার করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরের নাম মো. আসাদুল (১৬)। সে বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে। আসাদুল এবারের এসএসসি পরীক্ষার ফলাফলের অপেক্ষায় ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আসাদুলসহ সমবয়সী পাঁচ কিশোর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে যায়। একপর্যায়ে তারা সমুদ্রে গোসল করতে নামলে হঠাৎ স্রোতের টানে ভেসে যায়। এ সময় কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে চার কিশোরকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল স্রোতে ভেসে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
তালতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, পাঁচ কিশোর একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে গোসল করতে নেমেছিল। এ সময় আসাদুল নামে একজন পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সৈকতে গোসল ও পানিতে নামার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়েছে।