অবসর নিয়ে মুখ খুললেন পর্তুগিজ মহাতারকা রোনালদো

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই স্বপ্ন পূরণ হলো না। রাউন্ড অব সিক্সটিনে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করেছে পর্তুগাল। এর মধ্য দিয়ে টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলেও শিরোপার স্বাদ পাওয়া হলো না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল মহাতারকার।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর থেকেই ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে—এটাই কি জাতীয় দলের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ? তবে নিজের অবসর নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে রাজি নন ৪১ বছর বয়সী এই তারকা।

স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে রোনালদো বলেন, “আমি কখনো আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। এখন এটা গুরুত্বপূর্ণ নয় যে আমি খেলা চালিয়ে যাব কি না। আগামীকাল আমি আজকের মতোই পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব।”

অবসরের সময় নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “একদিন সেই দিনটা আসবে। তবে আমি হাজার ভাগ পরিষ্কার বিবেক নিয়েই বিদায় নেব। কারণ আমি ফুটবলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। আমার আর কিছু প্রমাণ করার নেই। আমি ফুটবল খেলি শুধুই ভালোবাসার জন্য।” রোনালদো আরও বলেন, “প্রতিটি দিন উপভোগ করতে হয়। আমি এই বিশ্বকাপে তিনটি গোল করেছি। খারাপ করিনি, তাই না?” নিজের পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

বিশ্বকাপ শুরুর আগেই রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ সালের আসরই হতে পারে তার শেষ বিশ্বকাপ। স্পেনের বিপক্ষে হারের পর মাঠ ছাড়ার সময় তার চোখে পানি দেখা যায়, যা অনেকের কাছেই বিশ্বকাপ মঞ্চে তার সম্ভাব্য শেষ অধ্যায়ের আবেগঘন মুহূর্ত হিসেবে ধরা দিয়েছে।

তবে ২০৩০ বিশ্বকাপে রোনালদোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওই বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক দেশ পর্তুগাল। যদিও তখন তার বয়স হবে ৪৫ বছর, যা একজন ফরোয়ার্ড হিসেবে বিশ্বকাপে খেলার জন্য বড় চ্যালেঞ্জ। তবে রোনালদো যদি নিজেকে ফিট রাখতে পারেন এবং পেশাদার ফুটবল চালিয়ে যান, তাহলে অসম্ভবও নয়।

বর্তমানে ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন রোনালদো। তাই আগামী কয়েক মৌসুম তাকে ক্লাব পর্যায়ে দেখা যাবে। এরপর তিনি অবসর নেবেন, নাকি আরও কিছুদিন খেলা চালিয়ে যাবেন, তা এখনো নিশ্চিত নয়।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, তিনি শিগগিরই ফুটবল থেকে অবসর নিতে পারেন। তবে সেই সময় কখন আসবে, তা স্পষ্ট করেননি তিনি। সবকিছু বিবেচনায় ফুটবল বিশ্লেষকদের বড় অংশের ধারণা, ২০২৬ বিশ্বকাপই হয়তো রোনালদোর শেষ বিশ্বকাপ। তবে আনুষ্ঠানিকভাবে বুট জোড়া তুলে না রাখা পর্যন্ত ২০৩০ বিশ্বকাপে তাকে আবারও দেখা যাওয়ার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি।