চলতি মাসের শেষদিকে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ জানা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, চলতি বছরের অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন এরই মধ্যে রোডম্যাপ তৈরির কাজ করছে। চলতি মাসের শেষ দিকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।
ব্রিফিংয়ে জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গেও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, আগামী ৫ আগস্টের আগেই জুলাই জাদুঘরের উদ্বোধন করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার জুলাইয়ের সরকার। তাই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্য কোনোভাবেই কাম্য নয়।
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই নিয়ে কটূক্তির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী এসব বিষয় ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে।
এ সময় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। ডা. জাহেদ উর রহমান জানান, গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের যে অভিযোগ এসেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বন্ধে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে খাদ্য ব্যবসায়ীদের একটি তথ্যভাণ্ডার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য মজুত পরিস্থিতি সম্পর্কে তথ্য উপদেষ্টা জানান, সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বর্তমানে দেশে প্রায় ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত রয়েছে।