দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট ৭৪১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার (৫ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে।
একই সময়ে দেশে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১০৬ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম ও জনসচেতনতামূলক প্রচার জোরদার করা হয়েছে।
এ ছাড়া বিশেষজ্ঞরা অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা নিশ্চিত করতে হবে।