সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, গাছের চারা বিতরণ, আলোচনা সভা এবং প্রণোদনার চেক বিতরণ করা হয়।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মজিদা (মিজ্) কাউসার আজিজ।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সাতক্ষীরা কার্যালয়ের উপপরিচালক আফরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এবং জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু প্রমুখ।

এ সময় জেলা প্রশাসন ও বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং সুফলভোগী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রম সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা আরও বলেন, সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

অনুষ্ঠানে দুইজন উপকারভোগীর মাঝে স্বল্পসুদে ঋণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আওতায় মোট ৩ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পাশাপাশি ২৭ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা হিসেবে ৮ লাখ ১০ হাজার টাকার প্রণোদনার চেক এবং ২০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।