জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি এবং দেশ নির্মাণের প্রকৃত সৈনিক।
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁও এলাকায় সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি শিশুদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে সময় কাটান।
তিনি বলেন, এখানে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে। তাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং অংশগ্রহণ সত্যিই প্রশংসার যোগ্য। এ ধরনের পরিবেশ শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মন্তব্য করেন।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, নিজ নিজ ক্ষেত্রে ভালোভাবে লেখাপড়া করে এই শিশুরা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে—এমন প্রত্যাশা তিনি করেন। তাদের মধ্যে সম্ভাবনার কোনো ঘাটতি নেই, প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা ও সুযোগ।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে তোলা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং নিয়মানুবর্তিতার মতো গুরুত্বপূর্ণ মানবিক মূল্যবোধ শেখানো হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে বড় ভূমিকা রাখবে। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে এ ধরনের শিক্ষা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনের সময় তিনি শিশুদের বিভিন্ন কার্যক্রম মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন এবং তাদের উৎসাহ দেন। পাশাপাশি তাদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা, জীবনধারা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানার চেষ্টা করেন। এ সময় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারাও শিশুদের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।
পরিদর্শন শেষে তিনি শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঠিক পরিচর্যা ও পুনর্বাসন নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে। তার এই পরিদর্শনকে কেন্দ্র করে শিশুদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় বলে জানা গেছে।