‘গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর ও আত্মকর্মসংস্থান সৃষ্টি’ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), লালমনিরহাটের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহা. রাশেদুল হক প্রধান। তিনি বলেন, পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিআরডিবির বিভিন্ন কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা দেশের সার্বিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। তিনি বলেন, পল্লী উন্নয়নে শুধু আর্থিক সহায়তা নয়, দক্ষতা উন্নয়ন, সঠিক দিকনির্দেশনা এবং কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ।
বিআরডিবি লালমনিরহাটের উপপরিচালক এ কে এম শামিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে আরও বক্তব্য দেন সিভিল সার্জন আব্দুল হাকিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস আরা জান্নাত রোজী।
অনুষ্ঠানে জেলার পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সফল উদ্যোক্তা মোসাম্মৎ রাশেদা খাতুন ও আশাদুজ্জামান তাদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা তাদের মতো উদ্যোক্তাদের গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।
পরে শ্রেষ্ঠ উপকারভোগীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সমবায় সমিতির সংগঠক, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক পল্লী উন্নয়নকর্মী অংশ নেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম।