ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

প্রতিবেদনে বলা হয়, রোববার (৫ জুলাই) ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্যোগে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সরকার। এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনও ১৭ হাজার ৩৪৫ জন মানুষ গৃহহীন অবস্থায় রয়েছেন।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতাও অব্যাহত রয়েছে। ভূমিকম্পকবলিত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, দুর্গতদের মধ্যে এখন পর্যন্ত ৯ হাজার ৫৮৫ টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং আশ্রয়হীনদের জন্য ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর থেকে দেশটিতে ৯৯৫টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা ক্ষতিগ্রস্ত এলাকায় আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।