ভারতে বহুতল ভবন ভেঙে পড়ে শিশুসহ নিহত ৬

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

ভারতের মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের মধ্যে একটি তিনতলা আবাসিক ভবনের অংশ ধসে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই শিশু। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (৫ জুলাই) রাতে মুম্বাইয়ের জনতা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে একটি পুরোনো তিনতলা ভবনের দুই থেকে তিনটি কক্ষ হঠাৎ করে ধসে পড়ে। ঘটনার পরপরই মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ, বিএমসি’র ওয়ার্ড কর্মী এবং অ্যাম্বুলেন্সের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ধ্বংসস্তূপ থেকে আহত ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত রাজাবাড়ি হাসপাতাল ও শতাব্দী হাসপাতালে নেওয়া হয়।

শতাব্দী হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাসপাতালে আনা ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে ছিলেন ৩২ বছর বয়সী এক নারী এবং ২ থেকে ১৪ বছর বয়সী চারজন শিশু। সব মিলিয়ে দুর্ঘটনায় পাঁচ শিশুসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে রাজাবাড়ি হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ২৪ বছর বয়সী এক যুবক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে মুম্বাইজুড়ে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা বর্ষণ ও ভবনের দুর্বল কাঠামোর কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।