বর্ণাঢ্য আয়োজনে নেছারাবাদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

নেছারাবাদ প্রতিনিধি, ফরিদ আহমেদ প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার দেবনাথ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে গ্রামীণ অর্থনীতির অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ভিডিওচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে বিআরডিবির উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।