পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। এতে তাকে ২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল গেটওয়ে ফোরামের’ তৃতীয় সংস্করণে অংশগ্রহণ এবং মূল বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই সফরের মাধ্যমে দুই পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের বৈঠকের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ‘গ্লোবাল গেটওয়ে উদ্যোগ’-এর আওতায় বাংলাদেশে টেকসই অবকাঠামো, ডিজিটাল উন্নয়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা আরও জোরদার হবে।
সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট কাজা ক্যালাসের একটি অভিনন্দনপত্রও হস্তান্তর করা হয়। এতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
এছাড়া প্রস্তাবিত বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ফোরাম, আসন্ন উচ্চপর্যায়ের কর্মসূচি, সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে দীর্ঘদিনের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।