পেনাল্টির আগে নরওয়ের গোলরক্ষককে যা বলেছিলেন নেইমার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে একমাত্র গোল করেন বদলি হিসেবে নামা নেইমার। তবে গোলের চেয়েও বেশি আলোচনায় এসেছে পেনাল্টি নেওয়ার আগে নেইমার ও নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ডের মধ্যকার কথোপকথন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ফ্যান্টাস্টিকো-তে প্রকাশিত অডিওতে দেখা যায়, পেনাল্টির আগে নেইমার হাস্যরস করে নিল্যান্ডকে বলেন, “পেনাল্টিটা কোন দিকে মারব? কোন দিকে চাও?”

জবাবে নিল্যান্ড বলেন, “পোস্টে মারো, পোস্টে।” পেনাল্টি শটে সফল হয়ে বল জালে পাঠান নেইমার। গোলরক্ষক নিল্যান্ড এক জায়গায় দাঁড়িয়ে বল জালে ঢুকতে দেখেন। গোল উদযাপনের সময় নেইমার তাকে উদ্দেশ করে হাস্যরসের ভঙ্গিতে কিছু কথা বলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।

এর আগে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল একটি পেনাল্টি পেয়েছিল, তবে ব্রুনো গুইমারেসের শট দারুণভাবে রুখে দেন নিল্যান্ড। পরে নরওয়ে আরও একটি গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। যোগ করা সময়ে নেইমারের গোল ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ব্রাজিল।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ফলে ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের।