নবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নবাবগঞ্জ প্রতিনিধি, মেহেদী হাসান প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলী আর বাহার সুমন।

অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন উপকারভোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরে সরকারের পল্লী উন্নয়নমূলক উদ্যোগের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও বিধান কান্তি হালদার বলেন, গ্রামীণ উন্নয়নই দেশের সার্বিক অগ্রগতির অন্যতম ভিত্তি। তিনি আশা প্রকাশ করেন, সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সুধীজন এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।