দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

দেশের সব মাদরাসায় আবশ্যিকভাবে প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার (৬ জুলাই) অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদারের সই করা নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ প্রজন্ম গঠন এবং তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ ও খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্দেশনায় আরও বলা হয়, অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসায় শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা নিয়মিতভাবে দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করবেন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।

এছাড়া যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেখানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের এ দায়িত্ব প্রদান করতে বলা হয়েছে।

নির্দেশনায় শূন্য পদ পূরণের জন্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।