‘ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার’

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে নভেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। সময়মতো বই ছাপা ও বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

তিনি জানান, ছাপাখানা ও বই সরবরাহ ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত বই ছাপার কাজ শুরু করতে আগস্টের শুরুতেই কার্যাদেশ দেওয়া হবে।

কারিকুলামে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এবার আলাদা আলাদা শ্রেণিতে চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে। শিক্ষার মানোন্নয়নের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে। ভাষা শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি চ্যালেঞ্জিং বিষয়। তবে আগামী বছর থেকে পর্যায়ক্রমে এই নিয়োগ কার্যক্রম শুরু করা হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য হলো নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সময়মতো ও মানসম্মত বই পৌঁছে দেওয়া, যাতে শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে।