ট্রল সইতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

ব্রাজিল ফুটবল দলের পরাজয়ের গ্লানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিপক্ষ সমর্থকদের নেতিবাচক ট্রল ও উপহাস সহ্য করতে না পেরে কুষ্টিয়ার কুমারখালীতে রতন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। মাত্র দুই মাস বয়সী এক সন্তানের জনক ছিলেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৫ জুলাই) রাতে ব্রাজিল ও নরওয়ে দলের মধ্যকার ম্যাচে রতনের প্রিয় দল ব্রাজিল পরাজিত হয়। তিনি ছিলেন ব্রাজিলের কট্টর সমর্থক। প্রিয় দলের হার তিনি মানসিকভাবে মেনে নিতে পারছিলেন না।

পরদিন সকালে প্রতিপক্ষ দলের সমর্থকদের অনবরত ট্রল ও উপহাসের শিকার হন তিনি। এতে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে নিজের ঘরে গিয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ।

নিহত রতনের বাবা হোসেন মিস্ত্রি বলেন, সকালে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে রতন ব্রাজিল দলের সমর্থক ছিলেন। ধারণা করা হচ্ছে, দলের পরাজয়ের মানসিক চাপ এবং সামাজিক ট্রলের কারণে তিনি আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।