‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ক্ষুদ্র ঋণ ও গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে “বজ্রকণ্ঠ” আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীসহ অন্যান্যরা।
সভায় ইউএনও জহিরুল আলম বলেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বল্প সুদের ঋণ সঠিকভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন বোর্ডের ১০০ জন উপকারভোগীর মাঝে ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ৪ জন উদ্যোক্তার মাঝে ৯ লাখ ৬৯ হাজার টাকা এবং দুইটি সমিতির ২০ জন সদস্যের মাঝে ১০ লাখ ৫৫ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।