কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবোঝাই একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।
সোমবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজার এলাকায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) এবং পিকআপচালক খোকন (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়।
সংঘর্ষের ফলে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।