নেত্রকোণার কলমাকান্দা সদর ইউনিয়নে ১ হাজার ৬০০ হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় তালিকাভুক্ত ১ হাজার ৬০০ কার্ডধারী পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ট্যাগ অফিসারের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে চাল বিতরণ করা হচ্ছে। দিনমজুর, রিকশাচালক, বিধবা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিয়ে উপকারভোগীর তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন ইউপি সচিব।
কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক সহযোগিতায় সরকারি বরাদ্দ দ্রুত প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতিতে ৩০ কেজি চাল একটি পরিবারের মাসিক খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সুবিধাভোগী জহুরা বেগম বলেন, তার স্বামী অসুস্থ থাকায় কাজ করতে পারেন না এবং ঘরে খাদ্য সংকট ছিল। সরকারি এই চাল পেয়ে তিনি অনেক উপকৃত হয়েছেন।
উল্লেখ্য, হাওরবেষ্টিত কলমাকান্দা সদর ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ বর্ষা মৌসুমে প্রতিবছর কর্মসংকটে পড়েন। এ সময় সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচি তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এর আগেও এলাকায় শীতবস্ত্র, ঈদসামগ্রী, বন্যার্তদের ত্রাণ, সেতু নির্মাণ এবং অসহায় মানুষের জন্য বিভিন্ন চিকিৎসাসেবা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।