“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারণ করে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবি কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা সেলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এস. এম. মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিয়া আরিফুল আজম। আলোচনা সভায় বক্তারা গ্রামীণ উন্নয়নকে দেশের সার্বিক অগ্রগতির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, টেকসই উন্নয়ন অর্জনে পল্লী অঞ্চলের অবকাঠামো, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি জরুরি।
এ সময় মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬-এর আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।