আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে নরওয়ে ২-১ ব্রাজিল গোলে –নরওয়ে এর কাছে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।

ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক্সে দেওয়া এক পোস্টে নেইমারের অবসরের খবর নিশ্চিত করেন। সেখানে তার বিদায়ী বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মাঠেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই শেষ করলাম।”

২০১০ সালে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক হয় নেইমারের। এরপর টানা প্রায় দেড় দশক তিনি দলের আক্রমণভাগের কেন্দ্রবিন্দুতে ছিলেন। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে ব্রাজিলকে শিরোপা এনে দিতে না পারলেও তিনি হয়ে ওঠেন আধুনিক ব্রাজিল ফুটবলের অন্যতম মুখ।

অলিম্পিক ফুটবলেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রাজিলকে রৌপ্যপদক এনে দেন তিনি। এরপর ২০১৬ সালের রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে দলকে প্রথমবারের মতো অলিম্পিক স্বর্ণপদক জেতান নেইমার।

জাতীয় দলের হয়ে মোট ১২৯টি ম্যাচ খেলে ৮০টি গোল করেন এই ফরোয়ার্ড, যা তাকে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আন্তর্জাতিক ফুটবলে তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ভরসা হিসেবে দায়িত্ব পালন করেন।

চলমান বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে নিয়মিত একাদশে সুযোগ পাননি নেইমার। পুরো আসরে তিনি মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল করেন তিনি, যা ছিল জাতীয় দলের জার্সিতে তার শেষ গোল।

তবে ওই গোলেও ব্রাজিলকে হার থেকে বাঁচানো যায়নি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে, আর বিদায় নেয় ব্রাজিল।

নেইমারের বিদায়ের মধ্য দিয়ে ব্রাজিল ফুটবলের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত, রেকর্ড এবং সাফল্য রেখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এই তারকা ফরোয়ার্ড।