অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ জুলাই, ২০২৬

সদ্য বিদায়ী মাস জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অসংখ্য অভিযোগের কারণ ও সমাধান নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ‘ভূতুড়ে বিল’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিদ্যুৎ সচিব বলেন, জুন মাসে অধিকাংশ ক্ষেত্রে বিল বৃদ্ধি শুধু ট্যারিফ বৃদ্ধির কারণে হয়নি, বরং বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বাড়া এবং উচ্চতর স্ল্যাবে চলে যাওয়াও এর অন্যতম কারণ। ফলে অনেক গ্রাহকের বিল স্বাভাবিকের তুলনায় বেশি এসেছে। তবে কিছু ক্ষেত্রে করণিক ভুলও শনাক্ত করা হয়েছে, যা যাচাই-বাছাই করে সংশোধন করা হয়েছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, খাগড়াছড়িতে এক গ্রাহকের ক্ষেত্রে ইউনিট ৭০ হওয়ার কথা থাকলেও ভুলবশত ৭০০ ইউনিট লেখা হয়। এতে অস্বাভাবিক বিল তৈরি হয়। বিষয়টি শনাক্ত করার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রাহকের বিল সংশোধন করা হয়েছে।

মিরানা মাহরুখ আরও জানান, ‘ভূতুড়ে বিল’ সংক্রান্ত অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত করতে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও ভুল হলে তা দ্রুত সংশোধন করা হবে এবং গ্রাহকের স্বার্থ সুরক্ষিত রাখা হবে।

তিনি বলেন, সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে, যাতে গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। পাশাপাশি উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বাড়ানো, সিস্টেম লস কমানো এবং সেবার মান উন্নয়নে কাজ চলছে।

বিদ্যুৎ সচিব গ্রাহকদের উদ্দেশে বলেন, যাদের বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ বা অভিযোগ রয়েছে, তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে মিটার পরীক্ষা, বিল পুনরায় যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির সব ব্যবস্থা নেওয়া হবে।