ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার (৫ জুলাই) এক বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়।
কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (পুর) সরদার উদয় রায়হান স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা এর আশপাশের সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং সংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও এই বৃষ্টিপাতের পরিমাণ ৩৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এতে আরও বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর উড়িষ্যা–পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত একটি মৌসুমি নিম্নচাপ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়াতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ৫ থেকে ১০ জুলাইয়ের মধ্যে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানিও দ্রুত বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কয়েকটি নদীর পানি কিছু স্থানে সতর্কসীমা ছুঁতে পারে। এতে এসব এলাকার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি তৈরি হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।