‘সারাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, চার আগস্টের ঘটনাপ্রবাহে যাত্রাবাড়ী, শাহবাগসহ বিভিন্ন এলাকায় ছাত্রদল, যুবদল ও বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে বলে তিনি দাবি করেন।
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের বক্তব্যের প্রসঙ্গও উল্লেখ করেন। শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন দ্রুত বিচার কার্যকরের দাবি জানান।
আবু হোসেন বলেন, তার ভাই আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে গুলি করে হত্যার দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তার আত্মত্যাগ আন্দোলনকে আরও বেগবান করে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। তবে এ আন্দোলনে বহু পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন, আহতদের চিকিৎসা সহায়তা, জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধির দাবি জানানো হয়।