সচিবালয়ের সামনে ভাত বিক্রি করে আটক সোহানী শিফা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজধানীর সচিবালয়ের সামনে প্রতীকীভাবে ভাতের হোটেল চালু করে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় ‘হকার ও অটোরিকশা হটাও’ আন্দোলনের কর্মী সোহানী শিফাকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ফুটপাত ও সড়ক পথচারীদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে প্রতীকী এই কর্মসূচি পালন করছিলেন সোহানী শিফা। কর্মসূচির একপর্যায়ে পুলিশ সচিবালয়ের সামনে স্থাপন করা তার প্রতীকী ভাতের হোটেল সরিয়ে দেয় এবং পরে তাকে আটক করে।

সোহানী শিফা দীর্ঘদিন ধরে রাজধানীর ফুটপাত দখল, অবৈধ হকার, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা, নারী হয়রানি এবং ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যাজনিত সমস্যা নিয়ে আন্দোলন করে আসছেন। এসব দাবিতে তিনি ‘ঢাকা বাঁচাও, হকার হটাও’ শিরোনামে গত ৯ মে থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ধারাবাহিক কর্মসূচি পালন শুরু করেন।

এর আগে গত ৭ জুন একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন সোহানী শিফা। ওই ঘটনার পরও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে সর্বশেষ আটক হওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।