লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে গুলিবর্ষণ, বৃদ্ধ গুলিবিদ্ধ; নাতির বিরুদ্ধে অভিযোগ

চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধ, মুহাম্মদ মাহফুজুল ইসলাম প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জে পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য অনুষ্ঠিত একটি সালিশি বৈঠকে গুলিবর্ষণের ঘটনায় নজরুল ইসলাম (বৃদ্ধ) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার নাতি আসিককে অভিযুক্ত করা হয়েছে, যিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

গত শনিবার বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদুর রহমান পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম রশিদপুর গ্রামের মৃত খলিলুর রহমান পাটোয়ারির ছেলে। অভিযুক্ত আসিক একই বাড়ির ইসমাইল হোসেন পারুকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন পারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য শনিবার সকালে স্থানীয়ভাবে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পারুকের চাচা নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সালিশ চলাকালে আয়েশা বেগমের সঙ্গে উপস্থিতদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ঢাকায় অবস্থানরত ছেলে আসিককে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে সন্ধ্যায় আসিক ঘটনাস্থলে এসে পুনরায় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে নজরুল ইসলামের বাম হাতের কনুইয়ের ওপর গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ইসমাইল হোসেন পারুক বলেন, তার চাচাকে আসিক গুলি করেছে এবং ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার হুমকির মুখে রয়েছেন। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘটনার পর থেকে অভিযুক্ত আসিক পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।