বৈরী আবহাওয়ায় ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জুলাই, ২০২৬

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল হয়ে ওঠায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভোলা নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নদ-নদীতে পানি উত্তাল থাকায় রোববার বিকেল ৪টা থেকে ভোলার ১০টি গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্থগিত থাকবে।

বন্ধ হওয়া নৌরুটগুলোর মধ্যে রয়েছে—ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা ও তজুমদ্দিন-মনপুরা রুটসহ অন্যান্য অভ্যন্তরীণ রুট। তবে ভেদুরিয়া-বরিশাল নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

ভোলা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান জানান, নিম্নচাপের প্রভাবে ভোলা নদীবন্দরে বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। শনিবার বিকেল ৩টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত জেলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নদীপথে চলাচলে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

নৌ চলাচল বন্ধ থাকায় ভোলার বিভিন্ন রুটে যাত্রীদের ভোগান্তি দেখা দিয়েছে। তবে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে মনে করছেন স্থানীয়রা।