বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী। সংগঠনের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তারা দু’জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সভাপতি পদে আমজাদ হোসেন প্রার্থী থাকলেও ঋণ খেলাপির অভিযোগে তার প্রার্থীতা বাতিল করে নির্বাচন পরিচালনা বোর্ড। এছাড়া সহসভাপতি পদে মো. নুর উদ্দিন ও গাজী মোকাররম আলী চৌধুরী নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন— মো. জাহিদুল হক, মো. তসলিম উদ্দিন (রাজা কাসেমের ছেলে), এসএম নুরুন্নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদী, হোসাইনুল আরেফিন এবং একেএম সাইফুল্লাহ সাইদ।
গত শনিবার (৪ জুলাই) বিকালে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন বিএসবিআরএ নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী। নগরীর রেডিসন ব্লু হোটেলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ৮৪ জন ভোটারের মধ্যে ৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন বোর্ড জানায়, সভাপতি ও সিনিয়র সহসভাপতি পদে একক প্রার্থী থাকায় ওই দুটি পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা হয়। বাকি দুটি সহসভাপতি ও সাতটি নির্বাহী সদস্য পদের জন্য ভোট অনুষ্ঠিত হয়।
ভোট শেষে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় আমরা আনন্দঘন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছি। যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠন আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা করি।
তিনি আরও বলেন, শিপ ব্রেকিং শিল্প দেশের লৌহজাত কাঁচামালের বড় উৎস। তাই এই খাতকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।
শিপ ব্রেকিং ইয়ার্ড এসএন করপোরেশনের মালিক ও ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী বলেন, শিপ ব্রেকিং খাত নিয়ে সরকারের কাছে পরিকল্পনা তুলে ধরা হবে। বর্তমানে পরিবেশবান্ধব গ্রিন শিপ ইয়ার্ড গড়ে তোলার কাজ চলছে, এরই মধ্যে ১৮টি ইয়ার্ড গ্রিন ইয়ার্ডে রূপান্তর হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন চৌধুরী বলেন, শিপ ব্রেকিং শিল্পের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এই শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন।
এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পরিবার। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব শিপ ব্রেকিং শিল্পের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।