বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার মামলায় দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র তৈয়ব আলী দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) বিকেলে নিজ বাসভবন থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর ১২টা থেকে ১টার মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড় এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় সাবেক হুইপ ইকবালুর রহিমের বাসার সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে একাধিক শিক্ষার্থী গুরুতর আহত হন এবং হত্যাচেষ্টার অভিযোগও ওঠে।
এ ঘটনায় দিনাজপুর সদর উপজেলার রাজবাড়ী এলাকার বাসিন্দা মো. ফাহিম ফয়সাল (২৪) ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর দিনাজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর: ২৫, বাৎসরিক নম্বর: ৫৬৯)।
পুলিশ জানায়, তদন্তে পাওয়া তথ্য ও এজাহারের ভিত্তিতে সাবেক প্যানেল মেয়র তৈয়ব আলী দুলালকে ওই হামলার ঘটনায় সরাসরি জড়িত হিসেবে শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় স্থানীয় আন্দোলনকারী শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা একই সঙ্গে মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার এজাহারভুক্ত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।